আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজস্বাস্থ্য‘যথাযথ চিকিৎসা নেয়া হলে অনেক ধরনের ক্যান্সারই নিরাময় সম্ভব’ 

‘যথাযথ চিকিৎসা নেয়া হলে অনেক ধরনের ক্যান্সারই নিরাময় সম্ভব’ 




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় খলিল মালিক ফাউন্ডেশন হাসপাতাল, ডায়ালাইসিস ও ডায়াগনস্টিক সেন্টারে অত্যাধুনিক সিটি-স্ক্যানার চালু করা হয়েছে। এর ফলে চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকার রোগীদের স্থানীয়ভাবেই উন্নত রোগ নির্ণয় সেবা পাওয়ার সুযোগ তৈরি হলো। একই সঙ্গে ‘ক্যান্সার যথাসময়ে চিকিৎসায় নিরাময়যোগ্য’ শীর্ষক ক্যান্সার সচেতনতামূলক সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের কলেজ রোডে হাসপাতাল ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিটি-স্ক্যানারটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. ওসামা মোহাম্মদ জালাল। স্বাগত বক্তব্য দেন খলিল মালিক ফাউন্ডেশন হাসপাতালের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এবং যুক্তরাষ্ট্রের ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ড. সাদিকুর রহমান মালিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ফাওয়াজ মাহমুদ জোয়ার্দ্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এস এম মোস্তানজিদ।
সিটি-স্ক্যানার উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব। এতে ‘ক্যান্সার যথাসময়ে চিকিৎসায় নিরাময়যোগ্য’ বিষয়ে আলোচনা করেন ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. একরামুল হক জোয়ার্দ্দার এবং মেডিকেল ও রেডিয়েশন অনকোলজিস্ট ডা. তৌছিফুর রহমান। সেমিনারে বক্তারা বলেন, ক্যান্সার মানেই মৃত্যু নয়। রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এবং যথাযথ চিকিৎসা নেয়া হলে অনেক ধরনের ক্যান্সারই নিরাময় করা সম্ভব। তবে এ জন্য ক্যান্সারের ঝুঁকি, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। বক্তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও শরীরে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করার পরামর্শ দেন। রোগের প্রাথমিক লক্ষণ দেখা দেয়ার পর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া গেলে রোগ শনাক্তকরণ ও চিকিৎসার সুযোগ অনেক বেশি কার্যকর হয় বলেও তারা উল্লেখ করেন। সেমিনারের প্রশ্নোত্তর পর্বে ক্যান্সার নিয়ে মানুষের বিভিন্ন উদ্বেগ, রোগের প্রাথমিক লক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার বিষয়ে আলোচনা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, খলিল মালিক ফাউন্ডেশন হাসপাতালে অত্যাধুনিক সিটি-স্ক্যানার চালু হওয়ায় চুয়াডাঙ্গার রোগীদের অনেক ক্ষেত্রে রোগ নির্ণয়ের জন্য অন্য জেলা বা দূরের শহরে ছুটতে হবে না। স্থানীয় পর্যায়েই উন্নতমানের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি হওয়ায় রোগীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে। একই সঙ্গে দ্রুত রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করার পথও সহজ হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, সদর হাসপাতালের কনসালটেন্ট কার্ডিওলজিস্ট (অব.) ডা. আবুল হোসেন এবং চুয়াডাঙ্গা ইম্প্যাক্ট হাসপাতালের চিফ মেডিকেল কো-অর্ডিনেটর ডা. শাফিউল কবীর জিপুসহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নতুন সিটি-স্ক্যানার সংযোজন এবং ক্যান্সার সচেতনতা কার্যক্রমকে চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, উন্নত রোগ নির্ণয় সুবিধার পাশাপাশি সচেতনতা বাড়লে রোগীরা আরও দ্রুত ও কার্যকর চিকিৎসার আওতায় আসবেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ