নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। রোগীরা সরকারি হাসপাতালে এসে যাতে কাক্সিক্ষত চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ও স্থান ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কাছ থেকেও চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধার বিষয়ে সরাসরি জানতে চান। রোগীরা প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, চিকিৎসা নিতে গিয়ে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না এসব বিষয়েও তিনি খোঁজ নেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ এবং অন্যান্য ব্যবস্থাপনার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন মাসুদ পারভেজ রাসেল। হাসপাতালের বিভিন্ন স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং রোগীবান্ধব পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসার সবচেয়ে বড় ভরসার জায়গা। এখানে এসে কোনো রোগী যেন অবহেলা, হয়রানি বা প্রয়োজনীয় সেবার অভাবে ফিরে না যান এটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি হাসপাতালের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। জনগণের টাকায় পরিচালিত এই হাসপাতালে জনগণ যেন সর্বোচ্চ সেবা পান, সেটিই আমাদের লক্ষ্য। মাসুদ পারভেজ রাসেল আরও বলেন, হাসপাতালের কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আমি নিয়মিত হাসপাতালের সেবার মান ও ব্যবস্থাপনার খোঁজখবর নেব। তিনি বলেন, সরকারি হাসপাতালে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ চিকিৎসার জন্য সবচেয়ে বেশি নির্ভরশীল। তাই তাদের কথা বিবেচনা করে চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার, সার্জারি কনসালটেন্ট ডা. এহসানূল হক তন্ময়, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সাবেক সভাপতি মহসিন আলী, পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আশিক, সেক্রেটারি মোস্তফা কামাল, সদর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক মামুন হাওলাদার, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক পারভেজ আলম, জেলা অর্থ সম্পাদক আবু রায়হান ও ইসলামী ছাত্রশিবিরের পৌর সভাপতি রাব্বি হাসান এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।


