নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি সভা আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবকল্যাণমূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন জামায়াতের নেতারা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে এ সভা শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা পর রাত আটটার দিকে সভা শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন পদ্মবিলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আশাদুল হক। সভা পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মহরম আলী। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার, ওয়ার্ডভিত্তিক সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ওয়ার্ড সংগঠনকে আরও মজবুত ও গতিশীল করতে প্রতিটি ইউনিটে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করতে হবে। এ জন্য প্রতিটি ওয়ার্ডে অন্তত পাঁচটি ইউনিট থাকা প্রয়োজন। পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের তালিকা প্রস্তুত করতে বলা হলেও অনেক সময় নির্ধারিত সময়ে সেই তালিকা দেওয়া সম্ভব হয় না। এ বিষয়ে সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জামায়াত কর্মী মানে সমাজকর্মী।’ মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। অ্যাডভোকেট আসাদুজ্জামান আরও বলেন, সংগঠনের কার্যক্রম শুধু সাংগঠনিক পরিসরে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণের সঙ্গে যুক্ত করতে হবে। মানুষের দুঃখ-কষ্ট ও প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল হুসাইন ও সেক্রেটারি গোলাম রসুল। এছাড়া সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাজিবুল ইসলাম, প্রচার ও মিডিয়া বিভাগের মামুন হাওলাদারসহ পদ্মবিলা ইউনিয়ন জামায়াতের টিম সদস্য, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিরা সভায় উপস্থিত ছিলেন।


