খাসখবর ডেস্কঃ
মার্কিন ডলারের দরপতন এবং বিশ্বজুড়ে বন্ডের রিটার্ন কিছুটা কমে আসায় আন্তর্জাতিক বাজারে সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে মূল্যস্ফীতির ঝুঁকি এবং সুদের হারের ভবিষ্যৎ নিয়ে মধ্যে অনিশ্চয়তা থাকায় বিনিয়োগকারীরা এখন নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।
বুধবার (১৯ আগস্ট) স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭০ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে। আর ডিসেম্বরে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৪২৫ দশমিক ৪০ ডলারে নেমেছে। এর আগে মূল্যস্ফীতির উদ্বেগে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে জার্মানি ও জাপানের দীর্ঘমেয়াদি ঋণগ্রহণের খরচ কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে গত মঙ্গলবার (১৮ আগস্ট) প্রায় ২ শতাংশের বেশি দাম কমে সোনার। তবে বুধবার বন্ডের বাজারে বিক্রির চাপ কমায় ডলারের দরপতন ঘটে, যার ফলে সুদবিহীন সম্পদ সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। জেফ্রিসের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাডু.কম-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, ‘ভৌগোলিক টানাপোড়েনের খবরের পাশাপাশি ফেডের নীতি পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রাখছেন বিনিয়োগকারীরা। ফলে দ্বিমুখী চাপের কারণে স্বল্পমেয়াদে সোনার বাজার নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।’
তিনি আরো যোগ করেন, ‘তবে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ধীরে ধীরে সোনার দাম বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। কারণ মূল্যস্ফীতি কমছে এবং ফেডের সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা জোরালো হচ্ছে। অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৭৩৪ দশমিক ৩২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৪ দশমিক ৪৪ ডলারে পৌঁছেছে। এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়ছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকায়। আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৫৯ টাকা দরে বিক্রি হচ্ছে।


