সরোজগঞ্জ প্রতিনিধি:
আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের খাসবাগুন্দা গ্রামে গোয়ালঘর থেকে একটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাসবাগুন্দা গ্রামের হোসেন আলীর ছেলে শওকতের গোয়ালঘরে একটি মহিষ বাঁধা ছিল। শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। এরপর রাতের কোনো একসময় চোরেরা গোয়ালঘরে ঢুকে মহিষটি নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। সকালে পরিবারের সদস্যরা গোয়ালঘরে গিয়ে মহিষটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বিভিন্ন স্থানে এবং গ্রামের রাস্তাঘাটে খোঁজ করেও মহিষটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তারা বুঝতে পারেন, রাতের আঁধারে চোরেরা গোয়ালঘর থেকে মহিষটি নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি গবাদিপশু চুরি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাতের বেলায় গ্রামে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।


