নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রবীণদের কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করা, সদস্যসংখ্যা বাড়ানো এবং প্রবীণদের জন্য একটি স্থায়ী জায়গা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে। গতকাল সোমবার শহরের প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। সংগঠনের জেলা শাখার সভাপতি এ কে এম আলী আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, প্রবীণদের কল্যাণে কাজ করতে হলে সবার চিন্তা-চেতনার সমন্বয় প্রয়োজন। সংগঠনটি দীর্ঘদিন ধরে যারা শ্রম ও সময় দিয়ে এগিয়ে নিচ্ছেন, পরিচালনার ক্ষেত্রে তাদের কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, সেসব বিষয়ে অবগত হয়ে সমাধানের উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, প্রবীণদের জন্য সংগঠনের একটি স্থায়ী জায়গা নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তাদের কল্যাণে যা কিছু করা প্রয়োজন, জেলা পরিষদ, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে তা করার উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি সংগঠনের সদস্যসংখ্যা বাড়ানোর ওপরও গুরুত্ব দেয়া হবে। শরীফুজ্জামান শরীফ বলেন, সমাজে এমন অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যারা দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গিয়ে সময় কাটানোর মতো উপযুক্ত পরিবেশ পান না। অথচ তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা সমাজের জন্য মূল্যবান সম্পদ। প্রবীণদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা প্রয়োজন, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা, চিন্তা ও ভাবনা প্রকাশের সুযোগ পাবেন। তিনি আরও বলেন, প্রবীণদের সন্তানদের অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন কিংবা ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে তাদের অভিজ্ঞতা ও জীবনবোধ পরবর্তী প্রজন্ম ও সমাজকে সমৃদ্ধ করতে পারে। প্রবীণদের আরও বেশি মানুষকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হবে। তাদের পাশে থেকে এবং তাদের সঙ্গে নিয়েই সংগঠনটিকে আরও কার্যকরভাবে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ ও বিশেষ অতিথি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনকে সম্মাননা স্মারক দেয়া হয়। সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক এম এম আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর, কোষাধ্যক্ষ এ কিউ এম আলফাজ উদ্দীন, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক মালেকা রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, দপ্তর সম্পাদক ইমামুল হক, উপদেষ্টা অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, নির্বাহী সদস্য আমিরুল ফারুক, জামিরুল ইসলাম, হারুন অর রশিদ, আশরাফুল হক, জীবন সদস্য মাহবুবুর রহমান ও আকর আলী, নির্বাহী সদস্য আবু সাইদ হেলাল নূর, এস এম আব্দুল মোমিন এবং সাংবাদিক হুসাইন মালিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে প্রবীণদের কল্যাণের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সামাজিক দায়বদ্ধতার কথাও তুলে ধরা হয়।


