জীবননগর অফিস: জীবননগর উপজেলার উথলীতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও অনুদানের চেক দিয়েছে হেল্প বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। একই অনুষ্ঠানে সমিতির সদস্য ও অভিভাবকদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উথলী বাসস্ট্যান্ডে হেল্প বহুমুখী সমবায় সমিতির প্রধান কার্যালয়ের সামনে এ সংবর্ধনা ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা সমবায় কর্মকর্তা নুর আলম। হেল্প বহুমুখী সমবায় সমিতির সভাপতি মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক নুর ইসলাম, সমিতির প্রধান উপদেষ্টা ইমরান হোসেন, শিহাব উদ্দিন, সহসভাপতি আনিছুর রহমান চাঁন্দু ও সাধারণ সম্পাদক শাহাজাহান আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় সমিতির মূল উদ্দেশ্য শুধু সদস্যদের আর্থিক সহযোগিতা দেওয়া নয়; এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনাও সম্ভব। হেল্প বহুমুখী সমবায় সমিতি সদস্যদের ঋণ দেয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ সম্মাননা ও অনুদান দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বক্তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও অনুদানের চেক তুলে দেয়া হয়। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দিলে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং ভবিষ্যতে আরও ভালো ফল করার পাশাপাশি সমাজ ও দেশের জন্য নিজেদের প্রস্তুত করার অনুপ্রেরণা পায়। এছাড়া শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সমিতির সদস্য ও অভিভাবকদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা প্রত্যেককে চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, হেল্প বহুমুখী সমবায় সমিতি ঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে চায়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারী, সম্মাননাপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


