নিজস্ব প্রতিবেদক:
অটোচালক ও আন্তঃজেলা বাস-শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারসহ কয়েকটি দাবিতে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে চুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়ন ও চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি। আজ শনিবার থেকে কুষ্টিয়া, মেহেরপুর, দর্শনা, জীবননগর ও ঝিনাইদহ রুটে বাস চলাচল বন্ধ থাকবে। দাবি পূরণ না হলে আগামী ৩১ আগস্ট থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এতে চুয়াডাঙ্গার সঙ্গে দেশের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগে বড় ধরনের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার আলী হোসেন মার্কেটের তৃতীয় তলায় চুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতির মধ্যে অনুষ্ঠিত এক আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল পাঁচটার দিকে দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ড মোড়ে অটোচালক ও আন্তঃজেলা বাস শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং বাসশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন পরিবহনশ্রমিকেরা। শ্রমিকদের দাবি, যাত্রী তোলা নিয়ে অটোচালকদের সঙ্গে আন্তঃজেলা বাসশ্রমিকদের যে বিরোধ চলছে, তার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা বাস চালাবেন না। তাদের অভিযোগ, যাত্রী তোলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রায়ই উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে নিরাপত্তাহীনতার মধ্যে বাস চালানো তাদের পক্ষে সম্ভব নয়। এছাড়া জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ধরনের ইজিবাইকের রং নির্ধারণ করা এবং তা কার্যকর না হওয়া পর্যন্ত লোকাল বাস সার্ভিস বন্ধ রাখার কথাও জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। দাবি আদায় ও নিরাপত্তার দাবিতে শুক্রবার দিনভর চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়াসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এতে এসব রুটের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। অনেকে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।
শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনায় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা ঘোষণা দেন, আগামী ৩০ আগস্টের মধ্যে তাদের দাবিগুলো পূরণ না হলে ৩১ আগস্ট থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়া হবে। চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ এ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন।
পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের এ সিদ্ধান্তের ফলে আগামীকাল শনিবার থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-দর্শনা, চুয়াডাঙ্গা-জীবননগর ও চুয়াডাঙ্গা-ঝিনাইদহ রুটের যাত্রীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে। আর ৩১ আগস্ট থেকে দূরপাল্লার বাস বন্ধ হলে চুয়াডাঙ্গা থেকে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীদেরও বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে। এদিকে উদ্ভূত পরিস্থিতি ও পরিবহন মালিক-শ্রমিকদের দাবির বিষয়ে বিস্তারিত জানাতে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভার সামনে জেলা পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


