নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের কাক্সিক্ষত সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। থানাকে কোনোভাবেই হয়রানি বা ভোগান্তির জায়গা হিসেবে নয়, বরং মানুষের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। গতকাল রবিবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা সদর থানার ওসির কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভার শুরুতে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে সদর থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধ দমনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি বলেন, চুয়াডাঙ্গা সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের কাক্সিক্ষত সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। থানাকে কোনোভাবেই হয়রানি বা ভোগান্তির জায়গা হিসেবে নয়, বরং মানুষের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, মাদক, কিশোর অপরাধ, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও বিশেষভাবে নজর রাখা হবে। থানায় সেবা নিতে আসা প্রত্যেক নাগরিকের সঙ্গে মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করা হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মারুফ রহমান বলেন, তরুণদের জন্য একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। পাশাপাশি কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা সদর থানা এলাকার চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করবে। সাধারণ মানুষ যাতে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে জীবনযাপন করতে পারেন, তা নিশ্চিত করাকে পুলিশ অগ্রাধিকার দেবে।
পুলিশের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে ওসি বলেন, পুলিশ একা কোনো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এ জন্য সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। গণমাধ্যম সমাজের সমস্যা ও মানুষের কথা আমাদের সামনে তুলে ধরে। তাই সাংবাদিকদের সঙ্গে পুলিশের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে চাই। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকেরা তাদের প্রতিবেদনের মাধ্যমে সমাজের নানা অসংগতি ও মানুষের সমস্যাগুলো তুলে ধরবেন। পুলিশের পক্ষ থেকেও তথ্য প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কোনো সমস্যা বা অভিযোগ থাকলে সরাসরি থানায় জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে। মারুফ রহমান বলেন, চুয়াডাঙ্গা সদর থানার মানুষের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। দায়িত্ব পালনে সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক আজকের খাসখবরের প্রধান সম্পাদক রাজীব হাসান কচি, সিনিয়র সাংবাদিক মানিক আকবার, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, বাংলাদেশ প্রতিদিনের জামান আখতার, বাংলাদেশ বেতারের হুছাইন মালিক, দৈনিক মাথাভাঙ্গার আলম আশরাফ, অনিক সাইফুল ও আব্দুল্লাহ রহমান, বৈশাখী টিভির মিজানুর রহমান, ঢাকা স্ট্রিমের শেখ লিটন এবং দৈনিক সময়ের সমীকরণের নাজমুল ইসলাম সামিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।


