আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌর এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর শহরের জুতাপট্টি, ফলপট্টি ও কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় পণ্যের মূল্য, মান ও মেয়াদ এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে কী-না তা যাচাই করা হয়।
তদারকি সূত্রে জানা যায়, জমজম মার্কেটের নাহিদা কসমেটিকস কর্নারে অবৈধ ও পুরোনো ভারতীয় প্রসাধনী পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক নাহিদা খাতুনকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫(ক) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফলপট্টির রুবেল ফল ভান্ডারে মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক মতিয়ার রহমানকে একই আইনের ৩৮(ক) ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাঁচাবাজারের ইসহাক বীজ ভান্ডারে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মাসুদ রানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ভোক্তা-অধিকার সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। মূল্যতালিকা প্রদর্শন, সঠিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তা সালমা জাহান নিপা, জেলা পুলিশ ও আলমডাঙ্গা থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে। এ সময় চুয়াডাঙ্গা ভোক্তা-অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এনামুল হক উপস্থিত ছিলেন।


