কুষ্টিয়া প্রতিনিধি:
গরু চুরি করে বাবার কুলখানি করে লাপাত্তা হওয়ার পর মুরগি চুরি করে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন এক ব্যক্তি। পরে পুলিশ তাকে থানায় এনে হাজতখানায় পাঠায়। সেখানে নিজ পরনের লুঙ্গি ছিঁড়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গতকাল সোমবার কুষ্টিয়ার কুমারখালী থানার হাজতখানায় সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আসামি ইকবাল শেখ গারো (৪০) উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার ইসলাম শেখের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ আত্মহত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে আত্মহত্যা চেষ্টা আইনে একটি মামলা করেছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
থানা পুলিশ ও সিসি ক্যামেরার ফুটেজ থেকে জানা যায়, আসামি ইকবাল শেখ গারো প্রথমে তার পরনের লুঙ্গি ছিঁড়ে ফেলেন। এরপর থানার হাজতখানার দেয়ালে থাকা লোহার গ্রিলে ছেঁড়া লুঙ্গি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন তিনি। প্রথম চেষ্টায় ব্যর্থ হন। কিছুক্ষণ পর ফের ফাঁস নেয়ার চেষ্টা করলে ঘুমিয়ে থাকা আসামি জেগে উঠে চিৎকার দেন এবং বাঁচানোর চেষ্টা করেন। চিৎকার শুনে দ্রুত দায়িত্বরত পুলিশ সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৬ জুন উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামের আলতাফ ফকিরের ছেলে বিপ্লব হোসেনের খামার থেকে প্রায় এক লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি গরু চুরি করেছিল ইকবাল শেখ গারো। সেই গরু ৫৫ হাজার টাকায় বিক্রি করে তা দিয়ে মৃত বাবার কুলখানি করে লাপাত্তা হয়েছিলেন তিনি। এরপর সোমবার ভোরে জিলাপীতলা এলাকা থেকে ৬টি মুরগি চুরি করে পালানের সময় পুলিশের হাতে ধরা পড়েন। পরে পুলিশ তাকে থানার হাজতখানায় পাঠায়। সেখানে সকাল সাড়ে ৬টার দিকে পরনের লুঙ্গি ছিঁড়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
আত্মহত্যার করতে চাওয়ার কারণ জানতে চাইলে ইকবাল বলেন, পুলিশ ধরে থানায় নিয়ে এসেছে। সেজন্য আত্মহত্যা করে মরে যেতে চেয়েছিলাম।
এদিকে, ইকবাল শেখ পুলিশের হাতে ধরা পড়ার খবর শুনে থানায় ছুটে এসেছেন চুরি হওয়া গরুর মালিক বিপ্লব হোসেন। তিনি বলেন, ৫ জুন ইকবালের বাবা মারা যান। ৬ জুন রাতে আমার গরু চুরি করে, ৭ জুন বিক্রি করে এবং ৮ জুন সেই টাকা দিয়ে ওর বাবার কুলখানি করে পালিয়েছিল। সেসময় থানা পুলিশকে মৌখিক জানানো হয়েছিল। আজ ধরা পড়ার কথা শুনে আমি মামলা করতে এসেছি।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন জানান, হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ইকবাল নামের আসামি। পরে পুলিশের তৎপরতায় তাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যা চেষ্টা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সম্প্রতি গরু চুরির ঘটনাসহ ইকবালের বিরুদ্ধে থানায় কয়েকটি চুরির মামলা রয়েছে।


