ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে ৬ হাজার ৭০০ পিস ভারতীয় অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট ও ক্যাপসুল জাতীয় ওষুধসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার নেপা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের সোহারাব হোসেনের ছেলে জাকারিয়া (২৯) ও তার স্ত্রী পারভীন খাতুন (১৯)। তারা নেপা গ্রামের আব্দুল মালেকের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার একটি দল নেপা গ্রামে আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষে তল্লাশি শুরু করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই কক্ষের ভাড়াটিয়া জাকারিয়া ও তার স্ত্রী পারভীন খাতুন পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই কক্ষে তল্লাশি চালিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখা ৬ হাজার ৭০০ পিস ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল জাতীয় ওষুধ উদ্ধার করা হয়। পুলিশ এসব ওষুধকে অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ বলে জানিয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মাদক ও মাদকজাতীয় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধের চোরাচালান দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


