গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে এক পল্লি চিকিৎসকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় প্রায় চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও মরিচ বিক্রির নগদ ৬০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর দক্ষিনপাড়ার পল্লিচিকিৎসক মামুন আলীর (৩২) বাড়িতে এ ঘটনা ঘটে। মামুন আলী ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মামুন আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পান, বাড়িতে চুরি হয়েছে। ভুক্তভোগী পল্লী চিকিৎসক মামুন আলী বলেন, তার একটি ওষুধের ফার্মেসি রয়েছে। ঘটনার সময় তিনি দোকানে ছিলেন। প্রতিদিনের মতো রাত সাড়ে ৮টার দিকে তার বাবা দোকানে খাবার দিতে যান। তার মা মরিচের খেতে কাজ করা শ্রমিকদের বাড়িতে গিয়েছিলেন এবং স্ত্রী পাশের বাড়িতে তার বোনের কাছে গিয়েছিলেন। এই সুযোগে চোরেরা বাড়িতে ঢুকে আলমারিতে থাকা প্রায় চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। মামুন আলী আরো বলেন, অনেক কষ্ট করে সন্তান ও পরিবারের জন্য এগুলো গুছিয়ে রেখেছিলাম। কিন্তু চোরেরা এক নিমেষেই সব শেষ করে দিয়েছে। কষ্টার্জিত স্বর্ণালংকার ও টাকা হারানোর যন্ত্রণা বলে বোঝানো সম্ভব নয়। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, বাড়ির গেটে তালা দেয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা ছাদ দিয়ে উঠে সিঁড়ি ব্যবহার করে ঘরে প্রবেশ করেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, চুরির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।


