দর্শনা অফিস:
দর্শনায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রকিবুল হাসান ব্রাইটের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার। একই সঙ্গে সংবাদমাধ্যমে ব্রাইটের রাজনৈতিক পরিচয় বারবার তুলে ধরা হলেও অভিযোগকারী রফিকুল ইসলামের রাজনৈতিক পরিচয় যথাযথভাবে প্রকাশ করা হয়নি বলেও দাবি করেছে পরিবারটি। গতকাল শনিবার রাত আটটায় দর্শনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এসব দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা রকিবুল হাসান ব্রাইটের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের সঙ্গে তার বা তার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে রকিবুল হাসান ব্রাইটকে চাঁদাবাজির সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তার দলীয় পদ ও রাজনৈতিক পরিচয়ও গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। অথচ অভিযোগকারী রফিকুল ইসলামের রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়টি অনেক ক্ষেত্রে উল্লেখ করা হয়নি বলে তারা দাবি করেন। পরিবারের ভাষ্য, রকিবুল হাসান একজন ঠিকাদার ব্যবসায়ী এবং যুবদলের সক্রিয় সদস্য। ঠিকাদারি কাজের কারণে তাকে অধিকাংশ সময় দর্শনার বাইরে অবস্থান করতে হয়। ফলে যে ঘটনার সঙ্গে তাকে জড়ানো হয়েছে, সেটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি পরিবারের। তারা বলেন, চাঁদাবাজির অভিযোগটি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। এই অভিযোগের সঙ্গে রকিবুল হাসান ব্রাইট কিংবা তার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার পেছনে কারা চাঁদা চাওয়ার অভিযোগ করেছে এবং কারা কথিত চাঁদাবাজদের উসকানি দিয়েছে, তদন্তের মাধ্যমে তা বের করার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে রফিকুল ইসলামের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তোলা হয়। তারা দাবি করেন, রফিকুল ইসলাম একসময় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ দাবির সমর্থনে কিছু ছবি ও নথি রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া রফিকুল ইসলামের ব্যক্তিগত আচরণ ও চরিত্র নিয়ে পরিবারের পক্ষ থেকে কিছু অভিযোগ তোলা হয় এবং এর সমর্থনে একটি ছবি দেখানো হয়। পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা পদ উল্লেখ করে সংবাদ প্রকাশের আগে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পাশাপাশি অভিযোগকারী ও সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর পরিচয় এবং বক্তব্যও যাচাই করা প্রয়োজন। এতে পাঠকের কাছে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে পরিবারের সদস্যরা বলেন, কোনো পক্ষপাত না করে প্রকৃত ঘটনা ও সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরা হোক। একই সঙ্গে রকিবুল হাসান ব্রাইটের রাজনৈতিক পরিচয়ও সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান তারা। পরিবারের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও সংবাদমাধ্যমের প্রতি ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়। তারা বলেন, অভিযোগের সত্যতা থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হোক। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো কারণে হয়রানি করা উচিত নয়। প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া জরুরি। সংবাদ সম্মেলনের শেষে পরিবারের পক্ষ থেকে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।


