নিজস্ব প্রতিবেদন:
বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান, তাদের কল্যাণ এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিতে চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে তিনি ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় মুক্তিযোদ্ধাদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, কমপ্লেক্সের ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে এমপি মাসুদ পারভেজ রাসেল মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগ ও সাহসিকতার বিনিময়েই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। তাই তাদের সম্মান, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ও অবদান যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। এ সময় তিনি কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও সম্ভাবনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা রূপনগর সম্পাদক হাসান ইউসুফ, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, সদর উপজেলা সেক্রেটারি সজিবুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তাদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং কমপ্লেক্সের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


