দর্শনা অফিস:
দর্শনায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার ৬ জন এবং সাজা জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন রয়েছেন। গতকাল সোমবার দিনভর দর্শনা থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তছিম উদ্দিন (৩৭) রয়েছেন। তিনি দর্শনার সদাবরী হাইস্কুলপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। এছাড়া আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন মামলায় মানিক মিয়া (২৮), মদন (২৭) ও নাজমুল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। মানিক মিয়া দর্শনার শ্যামপুর স্কুলপাড়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে, মদন জয়নগর কাস্টমপাড়া এলাকার হাসমত আলীর ছেলে এবং নাজমুল হোসেন মোবারকপাড়া এলাকার আবদুল জলিল ক্যামিস্টের ছেলে। অন্য মামলায় আলমগীর হোসেন (৩২) ও জাহাঙ্গীরকে (২৩) গ্রেপ্তার করা হয়। তারা দর্শনার আকন্দবাড়ীয়া মান্দার ডাক্তারপাড়া এলাকার চান্দু মিয়ার ছেলে। এছাড়া সাজা জিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে হরিশচন্দ্রপুর এলাকার আতিয়ার রহমান, রুহুল আমিন এবং বেগমপুর কলোনীপাড়া এলাকার গফুরের ছেলে ইব্রাহিমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শেষে গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছে পুলিশ।


