দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ গ্রাম গাঁজাসহ মকবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই দিনে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চারজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। উপ-পরিদর্শক (এসআই) মিজানূর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার হাউলী ব্রিজের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে মকবুল হোসেনকে আটক করা হয়। তিনি দামুড়হুদা দশমীপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের উপস্থিতিতে মকবুল হোসেনের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনের লুঙ্গির ডান কোঁচড় থেকে সাদা কাগজে মোড়ানো একটি পুরিয়া উদ্ধার করা হয়। পরে ওই পুরিয়ায় থাকা গাঁজা মাপলে ওজন হয় ৩ গ্রাম। রাত ১০টা ৪৫ মিনিটে জব্দতালিকা তৈরি করে গাঁজাটি জব্দ করা হয়। পরে মকবুল হোসেনকে থানায় নিয়ে আসা হয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য তাকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
এদিকে একই দিনে দামুড়হুদা মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিআর-৩১৯/২৬ মামলার আসামি জিহাদ আলী ওরফে তরুণ (২৮), দামুড়হুদার দলকা লক্ষ্মীপুর (গয়েশপুর) এলাকার বাসিন্দা পারিবারিক জারি ৩৫/২১ মামলার আসামি আঃ আজিজ ওরফে আজিত (৩৮), উত্তর চাঁদপুর, কার্পাসডাঙ্গা এলাকার বাসিন্দা দামুড়হুদা থানার মামলা নম্বর ১৮/১৮, জিআর-৩৬৪/১৮-এর আসামি রমজান ওরফে উজালী (২০), হুদাপাড়া মাঝপাড়া এলাকার বাসিন্দা এবং মামলা নম্বর ০৭/২২, জিআর-১৩৫/২২-এর আসামি রাজন (২০), বিষ্ণুপুর মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, ডাকাতসহ অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


