আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ইমাদুল হককে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কেশবপুর এলাকায় ইমাদুল ‘মাদকসম্রাট’ নামে পরিচিত। গতকাল বুধবার আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) শাহরিয়ার হুসাইন রুবেলের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুন্সিগঞ্জ এলাকা থেকে ইমাদুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমাদুল হক আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইমাদুল হক আলমডাঙ্গা থানার মামলা নং-০১, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪০/৪১ ধারার মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। স্থানীয়দের অভিযোগ, ইমাদুল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে তার প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল বলেন, মাদক মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ইমাদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের গডফাদার যতই শক্তিশালী হোক, কাউকে ছাড় দেয়া হবে না। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান আরও জোরদার করা হবে।


