দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩ ও ৪ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে আদালত সামারি ট্রায়ালে একজনকে ১৫ দিনের এবং অপরজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে দুজনকেই অর্থদণ্ড দেয়া হয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিক-নির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান দুটি পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার রাত পৌনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) পবিত্র মণ্ডল জানতে পারেন, বেগপাড়া গ্রামের আশরাফুলের মুদি দোকানের সামনে পাকা সড়কের ওপর এক ব্যক্তি গাঁজা নিয়ে অবস্থান করছেন। পরে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালিয়ে হাসান আলী (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। হাসান আলী বেগপাড়া গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে। পুলিশের দাবি, উপস্থিত সাক্ষীদের সামনে হাসান আলীর দেহ তল্লাশি করে তার পরনের লুঙ্গির ডান কোচা থেকে ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় তিন গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তা জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেয়ার পর হাসান আলীকে সংক্ষিপ্ত বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে, গত বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই সিয়াবুল ইসলাম জানতে পারেন, দশমীপাড়া গ্রামের রিতু খাতুনের (১৯) শয়নকক্ষে গাঁজা রাখা আছে। খবর পেয়ে প্রায় ১১টা ৫৫ মিনিটে পুলিশ তার বাড়িতে অভিযান চালায় এবং তাকে আটক করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, সাক্ষীদের উপস্থিতিতে রিতু খাতুনের পরনের জিন্স প্যান্টের ডান পকেট তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো চার গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে রিতু খাতুনকে সংক্ষিপ্ত বিচারের জন্য আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।


