নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। গতকাল বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলার বুড়েপাড়া গ্রামের মৃত শেরআলী মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৪), খেজুরা গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে হেলাল ওরফে নুর হোসেন মোল্লা (৩৫), আলমডাঙ্গা উপজেলার জেহেলা অঘনাথপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে হাসিব আহমেদ ওরফে শাওন (৩৩), ফরিদপুর গ্রামের আফতাব আলীর ছেলে জহুরুল ইসলাম (৫৬) এবং জেহেলা গ্রামের বোরহানের ছেলে বাপ্পিকে (২২) আটক করা হয়। ডিএনসির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে তাদের মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেকের বিরুদ্ধে সাজা দেন।
ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী, শফিকুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, হেলাল ওরফে নুর হোসেন মোল্লাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, হাসিব আহমেদ ওরফে শাওনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, জহুরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং বাপ্পিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদক সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা ডিএনসির উপ-পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


