নেহালপুর প্রতিনিধি:
চুরির অভিযোগে আটক করে দর্শনার হরিশপুর গ্রামে মারুফ (১৫) নামের এক কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে। মারধরে কিশোরটির পা ভেঙে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কোনো তথ্য-প্রমাণ ছাড়াই চুরির অপবাদ দিয়ে তাকে নির্যাতন করা হয়েছেÑএমন অভিযোগে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, হরিশপুর গ্রামের বাসিন্দা বাবুল আক্তার ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত। সোমবার সকাল ১০টার দিকে বেগমপুর কলোনি বাজারে তিনি কিশোর মারুফকে চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করেন। পরিবারের অভিযোগ, চুরির অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ না থাকলেও মারুফের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। মারুফের পরিবারের দাবি, সে কোনো অপরাধ করেনি। এরপরও তাকে অন্যায়ভাবে মারধর করা হয়। একপর্যায়ে মারুফের কাছে থাকা একটি মোবাইল ফোন নিয়ে নেয়া হয় বলে অভিযোগ পরিবারের। খবর পেয়ে তার মা ঘটনাস্থলে গেলে তার কাছেও থাকা দুটি স্মার্টফোন নেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের আরও অভিযোগ, মোবাইল ফোনগুলো ফেরত চাইলে বাবুল আক্তার ও তার ছেলে মারুফের মাকেও মারধর করেন। এ ঘটনায় কিশোরের পরিবার আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাবুল আক্তারের বক্তব্য জানা যায়নি। ঘটনার পর আহত মারুফকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরিবারের পক্ষ থেকে তার পা ভেঙে যাওয়ার অভিযোগ করা হয়েছে।


