সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদহ গ্রামে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প। গতকাল বুধবার রাত ১০টার দিকে চেকপোস্ট পরিচালনার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভান্ডারদহ গ্রামের সলিমুদ্দিনের ছেলে তুহিন (৩০) এবং একই গ্রামের মৃত মোহাম্মদ শহিদুল ইসলামের ছেলে চঞ্চল হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর থানার অধীন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি দল ভান্ডারদহ গ্রামে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় গ্রামের জনৈক আব্বাসের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর দুই যুবককে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। পরে তাদের তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তুহিন ও চঞ্চল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজনের কাছ থেকে উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


