দর্শনা অফিস:
দর্শনায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ৩৫ বোতল এসকার্ফ সিরাপ ও ৪৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আকন্দবাড়িয়া স্কুলপাড়ায় মাদক নির্মূল কমিটির সদস্যদের অভিযানের সময় মাদক বহনের অভিযোগে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল ফেলে দুই ব্যক্তি পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও এসকার্ফ সিরাপ উদ্ধার করে। অন্যদিকে দর্শনা পৌরসভার রেলবাজারের ফুলতলায় গাঁজা বিক্রির সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ও বিকেলে পৃথকভাবে অভিযান দুটি চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দুইটার দিকে দর্শনা থানার আকন্দবাড়িয়া স্কুলপাড়া এলাকায় একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে দুই ব্যক্তি যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহ হয় স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের। তারা মোটরসাইকেলটি থামার সংকেত দিলে চালক ও তার সঙ্গে থাকা ব্যক্তি মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে মাদক নির্মূল কমিটির সদস্য ও স্থানীয়রা মোটরসাইকেলটি তল্লাশি করে তাতে থাকা ৩৫ বোতল এসকার্ফ সিরাপ উদ্ধার করেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মোটরসাইকেল ও উদ্ধার হওয়া এসকার্ফ সিরাপ থানা হেফাজতে নেয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা মানিকপুর গ্রামের মক্কাই আলীর ছেলে রাজা (২৮) ও আরশাফুলের ছেলে বিকাশ (৩০) হতে পারেন। মাদক নির্মূল কমিটির সদস্যরা তাদের ধাওয়া করলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাদের পরিচয় ও মাদক পরিবহনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের কাছ থেকে তথ্য পেয়ে আকন্দবাড়িয়া গ্রামে পুলিশ যায়। তাদের সহযোগিতায় ৩৫ বোতল এসকার্ফ সিরাপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। মাদকবিরোধী কার্যক্রমে স্থানীয় কমিটির সদস্যদের সহযোগিতাকে তিনি সাধুবাদ জানান। এদিকে একই দিন বিকেল পৌনে ছয়টার দিকে দর্শনা পৌরসভার রেলবাজারের ফুলতলা এলাকায় গাঁজা বিক্রির সময় দুই যুবককে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন দর্শনা পাঠানপাড়ার নাহিদ পেরুর ছেলে রুমন (২৫) এবং একই এলাকার শেখ মানিকের ছেলে কামরুল (২৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে পকেট থেকে ৪৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের থানায় রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।


