দামুড়হুদা অফিস: দামুড়হুদায় একটি চুরি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে উপজেলার হুদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার হুদাপাড়া (উত্তরপাড়া) গ্রামের বগু মণ্ডলের ছেলে আজিজুল হক ওরফে গিরি মণ্ডল (২৭)।
পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সবুজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এজাহারভুক্ত আসামি আজিজুল হককে নিজ এলাকা হুদাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আজিজুল হকের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, দামুড়হুদা, জীবননগর ও মেহেরপুর সদর থানায় দায়ের হওয়া তার বিরুদ্ধে মোট নয়টি মামলার রেকর্ড রয়েছে। পুলিশের দাবি, অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, চোরাচালান, মাদক ব্যবসা, দস্যুতা, ছিনতাই, ডাকাতি এবং অন্যান্য সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে। পুলিশের এ ধরনের অভিযানে অপরাধীদের আইনের আওতায় এনে জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


