দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের দায়িত্ব এবং করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি কর্মসূচিগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দামুড়হুদা পৌরসভার প্রশাসক সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন এবং কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দিবসটি উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।


