বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান নান্নু মিয়ার দাফন সম্পন্ন
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান নান্নু মিয়া (৮৫) রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে তার নিজ বাড়ির সামনে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বাড়িতে ফিরিয়ে আনার পর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে আলী আহমেদ হাসানুজ্জামান মানিক চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তার নিজ বাড়ির সামনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র রাষ্ট্রের পক্ষে এ সম্মান প্রদর্শন করেন। এ সময় সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা গার্ড অব অনার প্রদানে সহযোগিতা করেন।
গার্ড অব অনার অনুষ্ঠানে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা জেলা ইউনিটের প্রধান আবেছ উদ্দিন, জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান, জেলা ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী, গিয়াস উদ্দিন, রহমত আলী, ডা. নুরু হক, আজিজুল হক, মজিবুর রহমান, শাহাদতসহ জেলা ও উপজেলার বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে বাদ আসর অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
স্থানীয়দের ভাষ্য, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি আব্দুল মান্নান নান্নু মিয়া এলাকায় একজন সৎ, সজ্জন ও সমাজকল্যাণে নিবেদিত মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও সহযোদ্ধারা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।


