দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ও হাউলি ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে এসব হুইলচেয়ার দেয়া হয়। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন।
হুইলচেয়ার পেয়ে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে স্বস্তি দেখা যায়। চলাফেরায় দীর্ঘদিন ধরে অন্যের সহায়তার ওপর নির্ভরশীল অনেকের কাছে এই সহায়তা দৈনন্দিন জীবনকে কিছুটা সহজ করে তুলবে বলে আয়োজকেরা জানান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ ও মদনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শারীরিক প্রতিবন্ধকতা যেন কারও স্বাভাবিক জীবনযাপন ও সমাজের মূলধারায় অংশগ্রহণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক উদ্যোগও প্রয়োজন। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে তাদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুযোগ নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি তাদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার নিশ্চিত করারও অংশ। একটি হুইলচেয়ার একজন মানুষের চলাফেরার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাকে আরও আত্মনির্ভরশীল করে তুলতে পারে। বক্তারা আরও বলেন, সমাজ ও রাষ্ট্রের যৌথ উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ ধরনের মানবিক সহায়তা তাদের জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি সমাজে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


