জীবননগর অফিস:
মসজিদে নামাজ পড়ানোর সময় ঈমামের মোটরসাইকেল (চুয়াডাঙ্গা ল ১৩-২৮২২) চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগর পৌর এলাকায় পোস্ট অফিস পাড়ার বাইতুল আমান জামে মসজিদে জোহরের নামাজের সময় এ চুরির ঘটনা ঘটে। আশেপাশের সিসিটিভি ফুটেজে দুজন চোরকে মোটরসাইকেল নিয়ে চলে যেতে দেখা যায়। তবে দুজনের মাথায় হেলমেট থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে মসজিদের গেটে মোটরসাইকেল রেখে জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে যান ঈমাম নাফিজ। নামাজ চলাকালীন সময়ে চোরেরা ঈমামের মোটরসাইকেল নিয়ে সটকে পড়ে। মসজিদের ঈমাম নাফিজ জানান, ছয় মাস আগে শো-রুম থেকে এফজেড ভার্সন-২ মডেলের কালো রংয়ের মোটরসাইকেলটি ক্রয় করেছিলাম। প্রতি ওয়াক্তে নামাজ পড়াতে মোটরসাইকেল নিয়ে মসজিদে আসি। আজ জোহরের নামাজ শেষে বাইরে এসে দেখি মোটরসাইকেল যথাস্থানে নেই। আশেপাশের সিসিটিভি ফুটেজে চেক করে দেখা যায় দুইজন ব্যক্তি হেলমেট পরে মোটরসাইকেলটি নিয়ে হাসাদাহ সড়কের দিকে চলে যায়। তারপর অনেক খোঁজাখুঁজির পরে এখনো গাড়িটির সন্ধান পাইনি।
এ বিষয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


