আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ছয় পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পৌর এলাকার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ডে মেসার্স আতিয়ার এন্টারপ্রাইজের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেনÑ নওদা বন্ডবিল গ্রামের মৃত কামালের ছেলে রনি (২৮) এবং গোবিন্দপুর গ্রামের ঝন্টু মিয়ার ছেলে সোহান মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দুজনকে আটক করে তাদের হেফাজত থেকে ছয় পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারের জন্য গ্রেফতার দুজনকে সোমবার আদালতে সোপর্দ করা হয়।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


