আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মাদক, মোবাইল ফোন চুরি ও জুয়া খেলার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা, একটি মোবাইল ফোন ও জুয়া খেলার তাস জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে আলমডাঙ্গার কামালপুর বটতলা মোড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় দুর্লভপুর গ্রামের আমিরুল ইসলাম (৫০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৮৮০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এর কিছুক্ষণ পর রাত পৌনে ১১টার দিকে গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়া এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগে স্থানীয় লোকজন শাওন (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তার কাছ থেকে প্রায় ১ হাজার ২০০ টাকা মূল্যের একটি পুরোনো মোবাইল ফোন উদ্ধার করা হয়। শাওনকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভাংবাড়ীয়া ইউনিয়নের ভাংবাড়ীয়া গ্রামের একটি ভবনের নিচতলার গোডাউনে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আসলাম (৪০), জিহাদ বিশ্বাস (২১), সাইদ ইসলাম (২১), আলাল উদ্দিন (৩৪) ও আরজু আরাফাত ওরফে আশিক (১৮)। পুলিশের দাবি, ওই সময় তাঁদের কাছ থেকে দুই সেট তাস, ৩ হাজার ১০৬ টাকা ও একটি প্লাস্টিকের চট জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
আলমডাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের পাশাপাশি অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।


