আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ও ২ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে গ্রেফতার তিনজনের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। গত বুধবার রাত সাড়ে ১০টা ও ১১টার দিকে আলমডাঙ্গা পৌরসভার মিয়াপাড়া এলাকায় মা ক্লিনিকের গলির সামনে এবং উপজেলার মধুপুর গ্রামের উজিরের চায়ের দোকানের সামনে তিন রাস্তার মোড়ে পৃথক অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করে থানা পুলিশ। গ্রেফতাররা হলেন আলমডাঙ্গা পৌরসভার মিয়াপাড়া এলাকার সোলেমানের ছেলে রিপন (৩৫), আলমডাঙ্গা ডম্বলপুর গ্রামের আলম বক্সের ছেলে সিদ্দিক (৪৫) এবং একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জিয়ারুল ইসলাম (৪৮)।
পুলিশ জানায় , আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান এবং এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের পৃথক দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। একই রাতে উপজেলার মধুপুর গ্রামের উজিরের চায়ের দোকানের সামনে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে সিদ্দিক ও জিয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পৃথক অভিযানে উদ্ধার করা ২০ পিস ইয়াবা ও ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট আলামত হিসেবে জব্দ করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পাশাপাশি উদ্ধার করা মাদক তালিকামূলে জব্দ করা হয়েছে। পরে গ্রেফতার তিনজনকে সংক্ষিপ্ত বিচার আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালতে পাঠানো হয়। আদালত সূত্রে জানা যায়, শুনানি শেষে গ্রেফতার রিপন, সিদ্দিক ও জিয়ারুল ইসলামকে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। আদালত তাদের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


