কার্পাসডাঙ্গা প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় কথিত ভুয়া বিয়ে করে ভাড়া বাড়িতে সংসার করার অভিযোগে এক যুবক ও এক তরুণীকে আটক করেছেন স্থানীয় লোকজন। তবে আটকের পর কৌশলে ওই যুবক পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি আর সালিস বা অন্য কোনো প্রক্রিয়ায় এগোয়নি। গতকাল রবিবার সকাল সাতটার দিকে কার্পাসডাঙ্গা পশ্চিমপাড়ার চান্দ আলীর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন ভগিরাতপুর গ্রামের ইটভাটার মিস্ত্রি ওলি মিয়া (৩০) এবং চুয়াডাঙ্গা শহরের তালতলা হাজরাহাটি গ্রামের পাপিয়া (২০)।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ওলি মিয়া ও পাপিয়া প্রায় আট থেকে নয় দিন ধরে কার্পাসডাঙ্গা পশ্চিমপাড়ার ওই ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। তাদের চলাফেরা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হলে কয়েকজন তাদের বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেন। একপর্যায়ে দুজনের সম্পর্ক ও বিয়ের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দেয়। এরপর গতকাল রবিবার সকালে স্থানীয় লোকজন ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাদের কথিত বিয়ে নিয়ে নানা প্রশ্ন ওঠে। পরে বিষয়টি স্থানীয়ভাবে বিচার-সালিসের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, স্থানীয় লোকজন ওই যুবক ও তরুণীকে সালিসের জন্য অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। এ সময় সুযোগ বুঝে ওলি মিয়া সেখান থেকে পালিয়ে যান। পরে পাপিয়াকে নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা হলেও বিষয়টি আর কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তবে কথিত বিয়ের বিষয়টি কিংবা ওই যুবকের পালিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে ওলি মিয়া ও পাপিয়ার বক্তব্য পাওয়া যায়নি।


