বিনোদন ডেস্ক:
একটি স্থিরচিত্র। কিন্তু গল্প অনেক। ১২ জন তরুণ মুখ। হাসি-উচ্ছ্বাস সবার চেহারায়। শোবিজে তাদের পথচলার শুরুটাও প্রায় কাছাকাছি সময়ে। আর পর্দার বাইরে তারা বন্ধু। ছবিটা ঠিক এক দশক আগের, ২০১৬ সালের। সোমবার (১৪ সেপ্টেম্বর) ফেসবুকে ছবিটি পোস্ট করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। সঙ্গে অনুসারীদের কাছে ছুড়েছেন প্রশ্ন, ‘২০১৬ সালের এই ছবির ১২ জনের মধ্যে কয়জনের নাম বলতে পারবেন?
অনেকে উত্তর দিয়েছেন। চেহারাও অনেকটা চেনা যায়। এই ফ্রেমে আছেন সিয়াম আহমেদ, ফারহান আহমেদ জোভান, সালহা খানম নাদিয়া, তৌসিফ মাহবুব, পিয়া বিপাশা, তামিম মৃধা, মুমতাহিনা চৌধুরী টয়া, সাফা কবির, আজমেরী আশা, বৃষ্টি ইসলাম, সৌমিক আহমেদ ও শৌভিক আহমেদ। এই তরুণদের প্রায় সকলেই শোবিজে পা রেখেছেন। সম্ভাবনাও জাগিয়েছেন। কিন্তু টিকে থাকতে পেরেছেন মোটে কয়েকজন। বাকিরা গেছেন হারিয়ে। সিয়াম হয়ে উঠেছেন সিনেমার তারকা। তৌসিফ ও জোভানের এখন নাটকে চলছে স্বর্ণালী সময়। নাদিয়া তারকা খ্যাতি পেয়েছেন বটে, তবে সাংসারিক ব্যস্ততায় এখন কাজ কমিয়ে দিয়েছেন।
পিয়া বিপাশা ও আজমেরী আশা অভিনয় থেকে অনেকটা দূরে সরে গেছেন। তামিম মৃধা বেছে নিয়েছেন ইসলামি জীবনধারা। সৌমিক-শৌভিকও আর আগের মতো সরব নন নিজেদের কাজে। এই বন্ধুদের একসঙ্গে তোলা পুরনো দিনের ছবিটি দেখে আনন্দ পাচ্ছেন ভক্তরাও। কেউ কেউ সবার নাম বলছেন; আবার ফেলে আসা দিনের সঙ্গে বর্তমানের তুলনা করেও মন্তব্য করছেন অনেকে।
জোভানের পোস্টে ব্যতিক্রম এই ছবি ভক্তদের মধ্যে সাড়া জাগিয়েছে। আধা ঘণ্টারও কম সময়ে পোস্টে প্রতিক্রিয়ার সংখ্যা প্রায় আড়াই হাজার।
কেউ হয়েছেন তারকা, কেউ গেছেন হারিয়ে
প্রকাশ: আজকের খাসখবর
Previous article


