নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। গতকাল সোমবার বেলা ১২টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও কলেজ রোভার স্কাউটস গ্রুপের গ্রুপ সভাপতি প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে কলেজের শিক্ষক ও রোভার স্কাউটসের সদস্যরা অংশ নেন। এ সময় কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থী ও রোভার স্কাউটস সদস্যদের মধ্যে চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং তরুণদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা কেতকী, শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কলেজ রোভার স্কাউটস গ্রুপের সম্পাদক জাহিদুল হাসান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রশিদ, প্রভাষক ও ইউনিট লিডার আজিম হোসেন। এছাড়া চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার আল মুতাকাব্বির সাকিবসহ রোভার স্কাউটসের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ শেষে আয়োজকেরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়ির আঙিনা ও উন্মুক্ত স্থানে বেশি করে গাছ লাগানোর মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ঘোষণার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপও এ কর্মসূচির আয়োজন করে।


