নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সদস্যদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৃথক সময়ে অনুষ্ঠিত এসব সভায় দলীয় শপথের প্রতি অবিচল থাকা, নিয়মিত অর্থসহ পবিত্র কোরআন তিলাওয়াত, কোরআনের শিক্ষা অনুধাবন এবং বাস্তব জীবনে তা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান দলটির নেতারা।
দামুড়হুদা উপজেলা জামায়াতের কার্যালয়ে বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত মাসিক রুকন সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির নায়েব আলী। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন হিসেবে শপথ নিয়েছি শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা কোনো ব্যক্তিকে ভয় পাই না, একমাত্র আল্লাহকেই ভয় পাই। এ জন্য আমাদের নিয়মিত রুটিন অনুযায়ী অর্থসহ কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআনের শিক্ষা বুঝতে হবে এবং বাস্তব জীবনে তা আমল করতে হবে। তিনি আরও বলেন, নেতাকর্মীদের কঠোর পরিশ্রমের কারণে চুয়াডাঙ্গার মানুষ তাদের প্রতি আস্থা রেখেছেন। দলমত-নির্বিশেষে মানুষ মূল্যবান ভোট দিয়ে তাদের বিপুল ভোটে বিজয়ী করেছেন। জনগণের এই আস্থার প্রতিদান দিতে তারা সব সময় মানুষের কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা এমদাদুল্লাহ জামেন মুহসিন। এছাড়া উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল বাশার, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, অফিস সম্পাদক ইখতিয়ার হোসেন, জামায়াতের কর্মী আব্দুর রহিম, আল মুজাহিদ, নাহিদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও রুকন সদস্যরা। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটোন।
অন্যদিকে, একই দিন সকাল সাতটায় আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের দলীয় কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ের রুকন সদস্যদের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাইয়ুম উদ্দিন হিরক। বৈঠকে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির ইমরান হোসাইন, নায়েবে আমির ও সাবেক ইউপি সদস্য মাওলানা মনির উদ্দিন, সেক্রেটারি রাইতাল হক, শফিউদ্দিন মেম্বার, মাওলানা হুমায়ুন কবীর, মাওলানা রুহুল আমিন, জাহিদুল ইসলাম, আব্দুর রহমান ও গোলাম রহমান। এছাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, জামায়াতের মেম্বার পদপ্রার্থী এবং রুকন সদস্যরা বৈঠকে অংশ নেন।


