দর্শনা অফিস:
দর্শনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মতিয়ার হোসেন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ভুক্তভোগী মতিয়ার হোসেনের অভিযোগ, ঝাঝাডাঙ্গা মাঠপাড়ায় তার একটি পেয়ারা বাগান রয়েছে। বুধবার সকালে ওই বাগান থেকে পেয়ারা বিক্রি করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কোরবানসহ কয়েকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালান। মতিয়ারের দাবি, হামলার একপর্যায়ে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়ারও চেষ্টা করা হয়। প্রাণভয়ে তিনি সীমান্তের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি আহত হন। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার কাছে থাকা পেয়ারা বিক্রির প্রায় ২০ হাজার টাকা নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছে পুলিশ। দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ মামলা বা অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


