নিজস্ব প্রতিবেদক:
দর্শনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক প্রচারণা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দর্শনা পৌর শাখা। গতকাল শনিবার বিকেল চারটার দিকে দর্শনা শহীদ সাহারিয়ার শুভ মুক্তমঞ্চ থেকে এ কর্মসূচির সূচনা হয়। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন যুবদলের নেতা-কর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বাড়ির আঙিনা, আশপাশের ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কার রাখার বিষয়ে প্রচারণা চালানো হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের গুরুত্ব তুলে ধরে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
কর্মসূচিতে যুবদলের নেতা-কর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নেওয়া নয়, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও জরুরি। বাড়ির আশপাশে পানি জমে থাকলে সেখানে এডিস মশার প্রজনন হতে পারে। তাই নিয়মিত বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি পরিত্যক্ত পাত্র, টব, ডাবের খোসা কিংবা অন্য কোনো পাত্রে পানি জমতে না দেয়ার জন্য তারা স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্যসচিব জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অপু সুলতান ও জাহান আলী। এ ছাড়া পৌর যুবদলের সদস্য আশিক, শরীফ, শাহীন, ইসরাফিল, সাত্তার, মাহবুল ও খাইরুলসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন। আয়োজকেরা জানান, ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা তৈরির এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


