দর্শনা অফিস:
দর্শনার জিরাট গ্রামে রাতের আঁধারে একটি বাগানের ৭০টি মহানিম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানের মালিক ফজলুর রহমান (৫৫)। এ ঘটনায় তিনি দর্শনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, দর্শনার জিরাট মাঝেরপাড়া এলাকার বাসিন্দা ফজলুর রহমান খেয়াঘাটসংলগ্ন মাঠে মহানিম গাছের একটি বাগান গড়ে তোলেন। গত ১৪ সেপ্টেম্বর রাত থেকে ১৫ সেপ্টেম্বর ভোরের মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে গাছগুলো কেটে ফেলে। কেটে ফেলা প্রতিটি মহানিম গাছের দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ থেকে ৩০ ফুট। ফজলুর রহমানের অভিযোগ, বাগানের ৭০টি গাছ কেটে ফেলায় তার প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। সকালে বাগানে গিয়ে তিনি গাছ কাটার বিষয়টি দেখতে পান।
ফজলুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে বাগানে গিয়ে দেখি অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে। পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারিনি। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন। এ ঘটনায় দর্শনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফজলুর রহমান। তিনি গাছ কাটার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


