দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় বিশেষ অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ আয়নাল হক (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিনের তত্ত্বাবধানে মঙ্গলবার রাত ১০টার দিকে বিশেষ অভিযান চালানো হয়।
জানা গেছে, বিষ্ণুপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ বিশ্বাস সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দলকা-লক্ষ্মীপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রামের মৃত রহিম বিশ্বাসের ছেলে আয়নাল হককে তার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আয়নাল হকের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনে থাকা লুঙ্গির ডান কোচর থেকে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর আয়নাল হককে থানায় নেয়া হয়। পরে তাকে সংক্ষিপ্ত বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন বলেন, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক কেনাবেচায় জড়িত ব্যক্তি, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতসহ অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।


