দামুড়হুদা অফিস:
নারী স্বাস্থ্য সুরক্ষা ও ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা (স্ক্রিনিং) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৩০ বছর ও তদূর্ধ্ব বয়সী নারীদের জন্য এ স্বাস্থ্যসেবা দেয়া হয়। এতে শতাধিক নারী অংশ নেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, রোটারি ক্লাব অব ঢাকা এবং রোটারি ক্লাব অব ঢাকা সেফ লাইফ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়। দিনব্যাপী কর্মসূচিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা নারীদের বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং, প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা ও স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়। পাশাপাশি স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
কর্মসূচি পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাঃ মশিউর রহমান। এ সময় মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান, এমওডিসি ডা. আলমগীর হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন।
সংশ্লিষ্ট চিকিৎসকেরা বলেন, বাংলাদেশে নারীদের মৃত্যুর অন্যতম কারণ স্তন ও জরায়ুমুখ ক্যান্সার। তবে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সুযোগ অনেক বেশি। এ কারণে ৩০ বছর বয়সের পর নারীদের নিয়মিত ক্যান্সার স্ক্রিনিং করানো জরুরি। আয়োজকেরা বলেন, কেবল এক দিনের বিনামূল্যের পরীক্ষা করানোই এ কর্মসূচির উদ্দেশ্য নয়। নারীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা, রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার অভ্যাস গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার মাধ্যমে নারীদের ক্যান্সারজনিত ঝুঁকি কমাতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


