কার্পাসডাঙ্গা প্রতিনিধি:
এসএসসি পরীক্ষার্থী ২০২৭-এর নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং এসএসসি পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নেয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। গতকাল বুধবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী।
আলোচনায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন শুধু শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তারা। বক্তারা বলেন, সন্তান প্রতিদিন বিদ্যালয়ে যাওয়ার কথা বলে ঠিকমতো বিদ্যালয়ে যাচ্ছে কি না, অভিভাবকদের সেদিকেও নজর রাখতে হবে। বিদ্যালয়ে উপস্থিতির পাশাপাশি শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে, কী করছেÑএসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা জরুরি। শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক যোগাযোগ বাড়ানো গেলে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা সম্ভব হবে।
এসএসসি পরীক্ষার্থী ২০২৭’র উদ্দেশে বক্তারা বলেন, নির্বাচনী বা টেস্ট পরীক্ষাকে কোনোভাবেই হালকাভাবে নেয়া যাবে না। নির্বাচনী পরীক্ষায় ভালো ফল করার জন্য এখন থেকেই নিয়মিত পড়াশোনা করতে হবে। পড়াশোনায় গাফিলতি করলে কাক্সিক্ষত ফল পাওয়া কঠিন হবে। তাই শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে সময়ের সঠিক ব্যবহার এবং নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে। বক্তারা শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, আজ যারা এই বিদ্যালয়ের শিক্ষার্থী, ভবিষ্যতে পড়াশোনা শেষ করে তাঁদের কেউ কেউ আবার এই বিদ্যালয়ের শিক্ষক হয়ে ফিরতে পারেন। তাই নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিস আক্তার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা পিয়ার মোহাম্মদ ও আব্দুল হক এবং যুবদল নেতা হুমায়ুন কবির ডাবলু। এ ছাড়া জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।


