নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ৮৩০ গ্রাম ভারতীয় গাঁজা ও ৪ হাজার ৩৬০ পিস ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় নারী ও তৃতীয় লিঙ্গের দুই ব্যক্তিসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র গয়েশপুর বিওপি ও খোসালপুর বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬৮/৪-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের আলমের আমবাগানে এ অভিযান চালানো হয়। সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮৩০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই স্থান থেকে পৃথক অভিযানে ৪ হাজার ৩৬০ পিস ভারতীয় ওষুধও উদ্ধার করে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা ভারতীয় ওষুধের আনুমানিক জব্দমূল্য ১৩ লাখ ৫ হাজার টাকা।
এদিকে এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬০/৮০-আর থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের আজিম মিয়ার কলাবাগানে অভিযান চালান বিজিবি সদস্যরা। হাবিলদার আব্বাস হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং তৃতীয় লিঙ্গের দুজন রয়েছেন। আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


