নিজস্ব প্রতিবেদক:
মহেশপুরে পৃথক অভিযানে আসামিবিহীন ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। একই সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬৩/১-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের বিল্লাল মন্ডলের আমবাগানে অভিযানটি চালানো হয়। নায়েব সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অন্যদিকে, একই দিন ভোর ৪টা ২০ মিনিটে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করে বিজিবি। সীমান্ত পিলার ৬০/২৯-আর থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের একটি মেহগনি বাগানে এ অভিযান চালানো হয়। সুবেদার আলী হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহলের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক বাংলাদেশি নারী। তাকে ঘটনাস্থল থেকে আটক করে বিজিবি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, আটক নারীকে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন।


