নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় সিরাপ, মদ ও কীটনাশক জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব অভিযানে দুই যুবককে আটক করা হয়েছে। একই সঙ্গে আসামিবিহীন আরও তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গত রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬৩/১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের বটতলা বাজারের পাকা সড়কে নায়েব সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ভারতীয় ৪৭ বোতল সিরাপ, একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোনসহ ইব্রাহিম খলিল (২৬) ও অনিক দাস (২৬) নামের দুই যুবককে আটক করা হয়। ইব্রাহিম খলিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আনন্দবাগ গ্রামের আরজুল মণ্ডলের ছেলে এবং অনিক দাস একই উপজেলার আড়পাড়া নদী আড়পাড়া গ্রামের সাধন কুমার দাসের ছেলে।
বিজিবি জানায়, আটক দুজন ও জব্দ করা মালামাল জীবননগর থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। এরপর সোমবার ভোররাত থেকে সীমান্ত এলাকায় আরও কয়েকটি অভিযান চালায় বিজিবি। রাত ২টা ৫০ মিনিটের দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭১-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মালেকের আমবাগানে অভিযান চালানো হয়। হাবিলদার আবুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কোনো আসামিকে আটক করা সম্ভব না হলেও ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই ভোরে মাটিলা বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় সিরাপ ও মদ উদ্ধার করে বিজিবি। ভোর ৪টা ৫৫ মিনিটে সীমান্ত পিলার ৫২/১৬-আর থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের কালিঘাট এলাকায় সুবেদার মোস্তাক আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখান থেকে আসামিবিহীন ৩৩ বোতল ভারতীয় সিরাপ ও ২০ বোতল মদ উদ্ধার করা হয়। এছাড়া ভোর ৪টার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৬৫/৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দলিল মিয়ার আমবাগানে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিবিহীন ভারতীয় ১২৮ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, পৃথক চারটি অভিযানে মোট ৪৭ বোতল ভারতীয় সিরাপ, ১১২ বোতল ভারতীয় মদ এবং ১২৮ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি অভিযানে দুই যুবক আটক হলেও পরবর্তী তিন অভিযানে কোনো আসামিকে আটক করা যায়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান ঠেকাতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ বন্ধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।


