সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জুনাইদ (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার চার বছর বয়সী ছোট বোনসহ আরও দুজন আহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনাইদ চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি নয়মাইল এলাকার মৃত মিলন হোসেনের ছেলে। গতকাল রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে ডাকবাংলা-বদপুকুরিয়া সড়কের হারেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জুনাইদ তার নানির বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় কোনো একপর্যায়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত জুনাইদকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় জুনাইদের চার বছর বয়সী ছোট বোন আয়েশা খাতুন এবং ঝিনাইদহের শ্যামনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আরাফাত (১৫) আহত হয়েছে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহত জুনাইদের বাড়ি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয় বাসিন্দারা জানান, অল্প বয়সী কিশোরদের মোটরসাইকেল চালানো এবং সড়কে অসতর্কভাবে চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। তারা অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।


