আন্দুলবাড়ীয়া প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জীবননগরে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের মোহাম্মাদীয়া দারুলউলুম কওমি মাদ্রাসায় এ কার্যক্রমের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। সচেতনতামূলক কার্যক্রমে মাদ্রাসার শিক্ষার্থীদের ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের বিভিন্ন উপায় সম্পর্কে ধারণা দেয়া হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস এবং বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেয়া হয়।
সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, মাদ্রাসা একটি পবিত্র স্থান। তবে এক ছাদের নিচে অনেক শিক্ষার্থী অবস্থান করায় একজনের ভাইরাসজনিত রোগ হলে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই ডেঙ্গু সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, আজ আমরা মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে যে সচেতনতামূলক কার্যক্রম করেছি, আশা করি তা ফলপ্রসূ হবে। আমাদের সংগঠনের এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। আমরা নিজেরা সচেতন হলেই কেবল ডেঙ্গু প্রতিরোধ করতে সক্ষম হব।
মাদ্রাসার মুহতামিম শহীদুল ইসলাম বলেন, এই মুহূর্তে আমাদের প্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের প্রয়োজন ছিল। সংগঠনটি শিক্ষার্থীদের নিয়ে যে উদ্যোগ নিয়েছে, আশা করি এর ভালো প্রভাব পড়বে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি হলে তারা নিজেদের পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করতে পারবে। এতে পুরো এলাকার মানুষ উপকৃত হবেন।
সচেতনতামূলক কার্যক্রমে মুফতি লোকমান হাকিম, ওস্তাদ নুরুজ্জামান, আবু বকর ও আব্দুল কুদ্দুছ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সদস্য সাহাবুল, সাব্বির ও ফারদিন ফারাবিও কার্যক্রমে অংশ নেন।


