নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের বার্ষিক নির্বাচন সামনে রেখে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা ইউনিট। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা বার সমিতির তৃতীয় তলায় ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আ. স. ম. আব্দুর রউফের সভাপতিত্বে বেলা দুইটায় সভা শুরু হয়। এতে চুয়াডাঙ্গার আইনজীবী অঙ্গনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী মনোনয়ন এবং সংগঠনের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আব্দুল খালেক, স্পেশাল পিপি ও সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী সৈয়দ হেদায়েত হোসেন আসলাম এবং সভাপতি পদপ্রার্থী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ, আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মইন উদ্দীন মইনুল, অতিরিক্ত জিপি অ্যাডভোকেট বদিউজ্জামান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মজিদ ও অ্যাডভোকেট অহিদুল আলম (মানি খন্দকার) এবং এপিপি অ্যাডভোকেট আতিয়ার রহমান প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (১), অতিরিক্ত জিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান গনি সালাম, এজিপি আলী হোসেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আফরুজা আখতার, এপিপি অ্যাডভোকেট রুবিনা পারভীন, অ্যাডভোকেট আসাদুজ্জামান মিল্টন ও অ্যাডভোকেট শাহজামাল জামালসহ অন্য আইনজীবীরা। সভায় প্রার্থী মনোনয়নের বিষয়ে আরও আলোচনা করে পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সাধারণত নভেম্বর মাসের শেষ শনিবার অনুষ্ঠিত হয়ে থাকে। নির্বাচনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ মোট ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করে।


