আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই সময়ে পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আরও দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানা পুলিশ ও পাঁচ কমলাপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিক-নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় থানার এসআই শাহরিয়ার হুসাইন রুবেলের নেতৃত্বে পুলিশ ফরিদপুর দোহারপাড়া এলাকায় মদিন সাহেবের পুকুরের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামকে (৫৫) আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২০০ টাকা। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে গাঁজা জব্দ করা হয়। অন্যদিকে, পাঁচ কমলাপুর পুলিশ ক্যাম্পের এসআই ইমরান হাসানের নেতৃত্বে বটিয়াপাড়া গ্রামের সোহেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জিআর-১২৭/২৬, প্রসেস নং-৬২৮/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে বেলগাছি গ্রামের মিজানুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করা হয়। তিনি সিআর-৪/২৬ (আলমডাঙ্গা), প্রসেস নং-৭৮৭/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি। পুলিশ জানায়, গাঁজাসহ আটক নজরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। অপরদিকে পরোয়ানাভুক্ত সোহেল ও মিজানুর রহমানকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।


