কার্পাসডাঙ্গা প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী-নতিপোতা সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হোগলডাঙ্গা একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যাদুখালি একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচ ঘিরে কালিয়াবকরী স্কুল মাঠে বসেছিল ফুটবলপ্রেমীদের মিলনমেলা। খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন হাজারো দর্শক। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কালিয়াবকরী স্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কালিয়াবকরী-নতিপোতা যুব সংঘের উদ্যোগে এবং কালিয়াবকরী প্রবাসীদের সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় যাদুখালি একাদশ ও হোগলডাঙ্গা একাদশ।
শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে যাদুখালি একাদশ দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠায়। হোগলডাঙ্গা একাদশও একটি গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করে। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় পায় যাদুখালি একাদশ। ফাইনালে এক গোলের ব্যবধানে জয় পাওয়ায় যাদুখালি একাদশের খেলোয়াড়েরা অতিথিদের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি নগদ ৬০ হাজার টাকা পুরস্কার গ্রহণ করেন। অন্যদিকে রানার্সআপ হোগলডাঙ্গা একাদশ পায় নগদ ৪০ হাজার টাকা ও রানার্সআপ ট্রফি। ফাইনাল খেলা উপলক্ষে কালিয়াবকরী গ্রামের আব্দুস ছাত্তারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি রাজ্জাক বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, মহিউদ্দিন, সেলিম উদ্দীন ও শওকত আলী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডালিম শেখ, সদস্যসচিব সাগর আলী, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দীনসহ লিটন, রাজু, নাইম, বকুল, এখলাছ, রবিউল ও সেন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলাটি ঘিরে বিকেল থেকেই কালিয়াবকরী স্কুল মাঠে দর্শকদের ভিড় বাড়তে থাকে। শেষ পর্যন্ত হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়। পুরো ম্যাচে ধারাভাষ্য দেন সাইফুল ইসলাম পিনু। খেলাটি পরিচালনা করেন নিপুণ, সালাউদ্দিন, মোনায়েম ও হাবিবুর রহমান। আয়োজকেরা বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতেও আয়োজন করা হবে বলে তারা জানান।


