চিৎলা প্রতিনিধি:
আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা বাজারপাড়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ১৬ দলীয় গাদন টুর্নামেন্ট-২০২৬। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে আলমডাঙ্গার বকশিপুর দলকে ৫-০ গাদনে পরাজিত করে জয় তুলে নেয় দামুড়হুদার দেহলি দল। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আতর মালিতা। টুর্নামেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আতিয়ার মালিতা এবং সাধারণ সম্পাদক নাজমুল।
উদ্বোধনী ম্যাচে দামুড়হুদার দেহলি দলের পক্ষে প্রথম গাদন করেন মহিবুল ইসলাম। প্রথম গাদন করার কৃতিত্বের জন্য তাকে ৫০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারটি তুলে দেন শিমুল হোসেন আলামিন। অন্যদিকে, খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন আলমডাঙ্গার বকশিপুর দলের সাইদুল ইসলাম। তাকে সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে ৫০০ টাকা প্রদান করেন মহাসিন মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহাবুব হাসান মাবুদ, গাংনী থানার ইনচার্জ সৈয়দ আসাজুজ্জামান, এসআই ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন আলামিন, মারিকুল মালিতা, নাসির মালিতা, রাহেন মন্ডল, সারজাদ হোসেন, ঝন্টু মালিতা, আল আমিন, মহাসিন মন্ডল, সাইফুল ইসলাম, ইসরাইল পরামানিক, আমিন মন্ডল, আবদুল আজিজ ও ইকরামুল পরামানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমীরা। ১৬ দলীয় এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে এলাকার যুবসমাজ খেলাধুলার প্রতি আরও উৎসাহিত হবে এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে।
টুর্নামেন্টের সৌজন্যে ও সহযোগিতায় ছিলো মালিতা ফার্মেসী ও পূর্ববাশা পরিবহন, আল আমিন ভ্যান স্টোর, চিৎলা বাজার এবং চিৎলা বাজারপাড়া যুবসমাজ।


